শিলিগুড়ি

শিলিগুড়ির সমস্ত বহুতল বিল্ডিং প্ল্যানের অডিট

শিলিগুড়ি পুরনিগম এলাকার সমস্ত বহুতল ভবনের বিল্ডিং প্ল্যান অডিটের আওতায় আনা হবে। পাশাপাশি, নির্মীয়মাণ বহুতল ভবনগুলির ক্ষেত্রেও তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) সমীক্ষক সংস্থাকে দিয়ে অডিট করানো হবে বলে জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।

রবিবার শিলিগুড়িতে বণিক মহলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, তারাতলার ঘটনার পুনরাবৃত্তি রুখতেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক ও পুর কমিশনারের সঙ্গে এ বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। মানুষের জীবন ও নিরাপত্তাই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তাই বেআইনি নির্মাণের সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না।মন্ত্রী সাফ জানিয়ে দেন শিলিগুড়ি শহরের সমস্ত বহুতল ভবনের বিল্ডিং প্ল্যান পর্যায়ক্রমে অডিট করা হবে এবং নির্মীয়মাণ বহুতলগুলির ক্ষেত্রে থার্ড-পার্টি বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে সমীক্ষা হবে। এজন্য একটি স্বাধীন সমীক্ষক সংস্থাকে নিয়োগও করা হবে।বেআইনি নির্মাণ প্রসঙ্গে কটাক্ষ করে শঙ্কর ঘোষ বলেন, যারা একসময় সাইকেল চালাত, আজ তাদের নামি-দামি অডি, বিএমডব্লিউ গাড়িতে চলতে দেখা যাচ্ছে। এত সম্পদের উৎস কী? যাদের দৃশ্যমান আয়ের উৎস নেই, তারা এত অর্থ কোথা থেকে পাচ্ছে, সেই প্রশ্নও উঠছে।

তিনি আরও বলেন, কেউ যদি বেআইনিভাবে টাকা দাবি করে বা সাধারণ মানুষকে হেনস্তা করে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, পুর-নগরোন্নয়ন সংক্রান্ত সমস্ত আইন মেনেই বহুতল নির্মাণ করতে হবে। কোনোভাবেই বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না।